ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে মো. জিন্নাহ (৬০) নামে ব্যাটারিচালিত এক রিকশাচালক খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ফজলুল হক বলেন, রিকশাচালক জিন্নাহ পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে গেন্ডারিয়া এলাকায় আসেন। সেখানে রজনী চৌধুরী রোডের আঞ্জুমান কবরস্থানের কাছে ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরিকাঘাত করেন। জিন্নাহর চিৎকারে অন্যরা এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা জিন্নাহর রিকশা রেখে পালিয়ে যান।

পরে তাঁকে দিবাগত রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য জিন্নাহর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গেন্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু শাহেদ খান প্রথম আলোকে বলেন, গেন্ডারিয়া এলাকায় গভীর রাতে একজন ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card