মিয়ানমার থেকে এল ৬০০ মেট্রিক টন পেঁয়াজ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ। এসব পেঁয়াজ একটি কার্গো জাহাজে করে এসেছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফে লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন।

মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এর আগে গত বৃহস্পতিবার সাড়ে ১১ মাস পর মিয়ানমার থেকে একটি ট্রলারে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজের একটি চালান টেকনাফ স্থলবন্দরে এসেছিল। তাতে পাঁচ দিনের ব্যবধানে এ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে প্রায় ৬০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘদিন ধরে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা চলছে। যে কারণে ব্যবসায়ীরা অনেক মাস ধরে মিয়ানমার থেকে পণ্য আমদানি বা সে দেশে রপ্তানি করতে পারছেন না।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে এসেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ ,শুকনা সুপারি সহ বিভিন্ন পণ্য এসেছে। শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।

এনএএন টিভি