ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুঝাত মেহজাবিন কর্তৃক ছেলে শিক্ষার্থীদের হেনস্তা ও বুলিং
এবং শিক্ষার্থী উপদেষ্টা কর্তৃক স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক আচরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের এক দল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা তাদের নিজ ডিপার্টমেন্টের সামনে অবস্থান নেন এবং কয়েকটি ক্লাসরুম তালাবদ্ধ করেন।
গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুঝাত মেহজাবিন ছেলে শিক্ষার্থীদের বুলিং ও হেনস্তা করছিলেন
‘সেক্সুয়াল হ্যারেজার, রেপিস্ট’ বলে। বিভাগের বাকি শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার মধ্যে এর বিচার চেয়ে চেয়ারম্যান বরাবর অভিযোগ জমা দেন।
কিন্তু বিচার পাওয়ার বদলে অভিযোগ করার পরের দিন চতুর্থ বর্ষের ইমরান হোসাইন (২০১৯-২০) নামের এক শিক্ষার্থীকে বুলিংকারী এক দল শিক্ষার্থী হুমকি দিতে থাকে
এবং ক্লাসরুমে শিক্ষক অদিতি সাবুরের সামনেই ‘সেক্সুয়াল হ্যারেজার’ বলে চিৎকার করে।
সেই শিক্ষক তাদের নিবৃত্ত না করে প্রশ্রয় দেন বলে অভিযোগ জানান অবস্থানকারী শিক্ষার্থীরা।
তারা আরও অভিযোগ করেন,
শিক্ষার্থী উপদেষ্টা সৃজন সাম্য অমিয় কর্তৃক স্বজনপ্রীতি, পক্ষপাতিত্বমূলক আচরণ বিভাগের ছেলেদের জন্য শিক্ষার পরিবেশ হুমকিজনক করে তুলছে।
এবং তিনি ক্লাস গ্রহণে অনিয়মিত, শিক্ষার্থীদের ব্যাপারে উদাসীন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা
অবস্থান গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ২০১৮-১৯ সেশনের শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত এমন অনাচার হয়ে আসছে।
শিক্ষকদের জানালেও মেলেনি কোনো সমাধান, উল্টো শিক্ষার্থী উপদেষ্টা থেকে মিলেছে মিথ্যা হুমকি। উপস্থিত একাধিক শিক্ষার্থী তাতে সম্মতি প্রকাশ করেন।
শিক্ষার্থী উপদেষ্টা সৃজন সাম্য অমিয়কে কল করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা বলেন,
তার হাতে একটি নির্দিষ্ট অভিযোগ এসেছে যে, শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেয়ের মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে।
তারা সঙ্গে সঙ্গে জরুরি সভা ডাকে এবং সেই মেয়ের সঙ্গে কথা বলে। তিনি আরও বলেন,
একই সময়ে সে আরেকটা গ্রুপে বার্তা দিচ্ছিল। ভুলে মেসেজটা এখানে লিখেছে।
এর জন্য নুঝাত গ্রুপে ক্ষমাও চেয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে অবস্থানকরী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
সহকারী প্রক্টর ড. মুহাম্মদ মাহবুবুল রহমানও ব্যবস্থা গ্রহণ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
নুঝাত মেহজাবিনকে (২০১৯-২০) ফোন করলে তাকে পাওয়া যায়নি এবং বাকি অভিযুক্ত উমাইমা চৌধুরী মাঈশা (২০১৯-২০),
সৈয়দা মাইমুনা রহমান (২০১৯-২০) এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
