পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ৭২০ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) বরাদ্দ নিয়ে তোলপাড় চলছে পাহাড়ে। বিশেষ করে বরাদ্দে জাতিগত চরম বৈষম্যের কারণে রীতিমত আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বঞ্চিত জনগোষ্ঠীর তীব্র প্রতিবাদ ও সমালোচনা।
অভিযোগ রয়েছে,বরাদ্দে ৯৫ ভাগই পেয়েছে একটি সম্প্রদায়। বাঙালিসহ অপর তিন সম্প্রদায়ের ভাগ্যে জুটেছে মাত্র ৫ ভাগ। আর সমালোচনার সূত্র সেখানে। খাগড়াছড়ি জেলায় মোট জনসংখ্যার ৫২ ভাগ বাঙালি সম্প্রদায় আর চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মিলে ৪৮ ভাগ। কিন্তু বরাদ্দপত্র ঘেটে দেখা গেছে, বরাদ্দে সুবিধাভোগী মারমা ৫৭জন, চাকমা ১৭জন, ত্রিপুরা ৩জন, বাঙালি ৩জন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা একটি বরাদ্দপত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরে বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় জেলা পরিষদের অনুকুলে ৭২০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বরাদ্দের তালিকায় বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যক্তি ও সংগঠনের নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দ দেখানো হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, ভুঁইফোড় সংগঠন, ব্যক্তি ও বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া হলেও সংশ্লিষ্ট এলাকার অনেক মানুষ এসব বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না। এ দিকে ইট ছড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে যাত্রী ছাউনি নির্মানে ১০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়। অথচ সেখানে যাত্রী ছাউনি আছে এবং রিতা চাকমার নামে বরাদ্দ অনুমোদন করা। তিনি নিজেই প্রকল্পের কথা জানেন না বলে তিনি জানান।
এমনকি তালিকায় উল্লেখ করা কিছু প্রকল্প ও এলাকার বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে সরকারি খাদ্যশস্য বরাদ্দের স্বচ্ছতা, প্রকল্পের যথার্থতা এবং চাল বিতরণের প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। নথি পর্যালোচনায় দেখা যায়, কোনো কোনো ব্যক্তির নামে একাধিক প্রকল্প বাস্তবায়নের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কোথাও ১০ মেট্রিক টন, কোথাও ২০ মেট্রিক টন, আবার কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পে সর্বোচ্চ ৮০ মেট্রিক টন পর্যন্ত বরাদ্দ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, কৃষি ও মৎস্য প্রকল্প, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের বিষয় উল্লেখ রয়েছে।
খাগড়াছড়ি জেলায় কুমারী টিলা নামে কোন গ্রাম না থাকলেও প্রকল্পের তালিকায় দেখা যায়,মোঃ জাহাঙ্গীর আলম নামে ২০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমকে ফোন দিলে রিসিভ না করায় উনার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, তালিকায় উল্লেখ করা কিছু ব্যক্তি, সংগঠন ও এলাকার নামে বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট এলাকার অনেক বাসিন্দার কাছেই অজানা। যেসব এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব এলাকার মানুষও অনেক ক্ষেত্রে প্রকল্পের বিষয়ে কিছু জানেন না।
অভিযোগ উঠেছে,কিছু সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কার্যালয়, সদস্য সংখ্যা ও বাস্তব অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো কোনো এলাকার নাম ব্যবহার করে প্রকল্প দেখানো হলেও সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে তার সুস্পষ্ট তথ্য নেই। এতে প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া চাল প্রকৃত উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বরাদ্দ তালিকায় একাধিক ব্যক্তির নামে একাধিক প্রকল্পের বিপরীতে চাল বরাদ্দের তথ্য রয়েছে। এসব প্রকল্পের যৌক্তিকতা, বাস্তবায়নযোগ্যতা এবং উপকারভোগীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রশ্ন, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের নীতিমালা অনুসরণ করা হয়েছে?
আবেদনকারীদের প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়েছিল কি না? প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হয়েছে কি না? একই ব্যক্তির নামে একাধিক প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা কী? বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া চাল যদি প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে, তাহলে এ কর্মসূচির মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
৭২০ মেট্রিক টন চাল বরাদ্দ নিয়ে বেশ কয়েক জনের সাথে কথা হয়। নাম প্রকাশ না শর্তে তারা জানান, একটি চিহিৃত গোষ্ঠী এ সব খাদ্য শস্য লোপাট করেছে। তাঁরা প্রতিটি প্রকল্পের বাস্তবতা যাচাই, সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধন ও কার্যক্রম পরীক্ষা এবং বরাদ্দের চালের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সহকারী সচিব জাহাঙ্গীর আলম বলেন, আপনি মন্ত্রী মহোদয় এর সাথে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।
জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কাউকে এক ছটাক খাদ্য শস্য বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখি না। এ বরাদ্দগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের। এখানে জেলা পরিষদের সংশ্লিষ্টতা নেই।
সচেতন মহলের মতে, পাহাড়ের দুর্গম এলাকার দরিদ্র মানুষের উন্নয়ন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া চালের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন। এছাড়াও খাদ্য শস্য বরাদ্দের তালিকা খাগড়াছড়ি জেলা পরিষদ থেকেই মন্ত্রনালয়ে পাঠানো এবং বরাদ্দে লোবিং করা হয়। সে ক্ষেত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ বরাদ্দে বৈষম্য ও খেয়াল খুশিমত প্রকল্প জমা দেয়ার দায় এড়াতে পাওে না বলে মন্তব্য করেছে স্থানীয় সচেতন খাগড়াছড়ি বাসীরা।
