মেয়ের মৃত্যু বাবার মোটরসাইকেল থেকে পড়ে

মেহেরপুরের গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী উপজেলার রায়পুর গ্রামের তুষার আলীর স্ত্রী। তিনি একই গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী ফেলুজান বলেন, আজ ভোরে বেবীকে নিয়ে তাঁর বাবা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ধরে চোখতোলা থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন।

সড়কের চোখতলা এলাকার নবনির্মিত উঁচু রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবী খাতুন মোটরসাইকেল এর পেছন থেকে পড়ে যান।

ইটের খোয়ার ওপর পড়ে মাথার পেছনের অংশে তাঁর গুরুতর জখম হয়। চোখের সামনে এমন চিত্র দেখে তাঁর বাবা রাহিম উদ্দিনও জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় স্থানীয় লোকজন বাবা ও মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা বলেন, প্রাথমিক চিকিৎসা চলাকালীন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়।

তবে রাহিম উদ্দিন কোনো আঘাত পাননি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card