চাঁদপুরের মতলব উত্তরে মিলি আক্তার নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিবেশী মানিক নামে এক বখাটে যুবক।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিয়ে হওয়ার আগে ওই গৃহবধূকে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত প্রতিবেশী মানিক। তিনি মোবাইল ফোনে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। তার উৎপাতের মধ্যেই মিলিকে বিয়ে দিয়ে দেয় পরিবার। অন্তঃসত্ত্বা হওয়ায় মিলি তার বাবার বাড়িতে চলে আসে। রবিবার পবিত্র শবে বরাতের রাতে সবাই নামাজের জন্য মসজিদে চলে গেলে সুযোগ বুঝে মানিক মিলির মায়ের নাম ধরে ডাকে। মা নামাজে থাকায় মিলি দরজা খোলেন। এ সময় শরীরে অ্যাসিড নিক্ষেপ করে মানিক। মিলি চিৎকার দিলে আশপাশের লোকজন দৌঁড়ে আসে এবং ঘটনাস্থলে মানিককে ধরে ফেলে।
ঘটনার সাথে সাথেই মিলিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে মিলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।
মিলির ভাবি সুমি আক্তার বলেন, আমরা অন্য ঘরে নামাজ পড়ছিলাম। হঠাৎ চিৎকার শুনে মনে হয়েছিল চোর এসেছে। ঘর থেকে বের হয়ে দেখি মানিক আমাদের উঠোনে দাঁড়িয়ে আমাদের দিকে ইট নিক্ষেপ করা শুরু করেছে। পরে মানিক দ্রুত এখান থেকে চলে যায়। মিলির ঘরে গিয়ে দেখি তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার শরীরের জামা-কাপড়ও পুড়ে গেছে।
ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াদ পাটোয়ারী জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। এসে মিলির মুখে মানিকের নাম শুনে তাকে স্থানীয় লোকজন আটক করে রাখে। পরে প্রশাসনের হাতে থাকে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েোছ। অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
