আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাদারীপুরে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরানবাজার এলাকার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহামুদ বরিশালের উজিরপুর উপজেলার হস্তীকুণ্ড এলাকার ওহাব মিয়ার ছেলে। তিনি বিভিন্ন জেলায় সুপারির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সুপারি বিক্রি করতে বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক।

পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে দুপুরের দিকে বিশ্রাম নেওয়ার জন্য তিনি ইসলামিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন।

এরপর রাতে সেখানে খাবার খেয়ে শুয়ে পড়েন। সকালে হোটেলে স্টাফরা কক্ষটি পরিষ্কার করতে সিদ্দিককে ডাকাডাকি করেন।

তবে তাঁর কোনো সাড়া না পাওয়ায় হোটেলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে সিদ্দিকের লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইসলামিয়া আবাসিক হোটেলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন,

‘সিদ্দিক সাহেব এর আগেও মাদারীপুরে এসে আমাদের হোটেলে থেকেছেন।

তিনি যে কক্ষে উঠেছেন, সেখান থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা দ্রুত পুলিশকে বিষয়টি জানাই।

পরে পুলিশ দরজা ভেঙে তাঁর লাশটি উদ্ধার করে। তাঁর মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,

‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, মাহামুদ সিদ্দিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তাঁর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশটির ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা কোনো অভিযোগ দিলে আইনগত সহযোগিতা করা হবে।’