স্ত্রীকে খুন করে গোপন পরিচয়ে বিভিন্ন স্থানে চাকরি করতেন স্বামী

পাঁচ মাস আগে স্ত্রীকে খুন করে পানির ট্যাংকের ভেতর লাশটি রেখে দেন।

এরপর নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে চাকরি করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি স্বামী হাসান আকন্দের।

গতকাল বুধবার (১৩ এপ্রিল) রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের একটি গরুর খামারে চাকরিরত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সংবাদ মাধ্যমকে বলেন,

মামলাটি ছায়া তদন্ত করতে গিয়ে পিবিআই হাসান আকন্দের সম্পৃক্ততা পায়। কিন্তু ঘটনার পর পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চাকরি করেন তিনি।

ধরা পড়ার ভয়ে হাসান কোনো মুঠোফোনও ব্যবহার করতেন না। ছায়া তদন্তের একপর্যায়ে পিবিআই গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে লাশ বাসার পানির ট্যাংকে রাখার কথা স্বীকার করেছেন হাসান।

গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসার পাঁচতলার পানির ট্যাংকের ভেতর থেকে সার্জিনা আক্তার (২০) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের খালা স্মৃতি বেগম বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। এতে আসামি করা হয় স্বামী হাসান আকন্দকে।

পিবিআই জানায়, হাসান আকন্দ একজন রিকশাচালক। স্ত্রী সার্জিনা আক্তার পোশাক কারখানার শ্রমিক। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান আছে।

স্ত্রীকে খুন করার পর ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন স্থান পরিবর্তন করে চাকরি করেন হাসান।

নিজের নাম-ঠিকানা গোপন রেখে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব চাকরি করেন তিনি।

Share this news as a Photo Card