কক্সবাজারে পুকুরের সিঁড়িতে পড়েছিল নারীর মরদেহ

কক্সবাজারে ঈদগাঁওয়ের জঙ্গল মাছুয়াখালী এলাকার একটি পুকুরের সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় ধলু বিবি (৪০) নামের এক প্রবাসী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে তার মরদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ।

নিহত ধলু বিবি ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন। ঘটনার আগের রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়।

পরদিন সকালে পুকুরের সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান বলেন,

‘তার বোন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে যায়।

পরদিন সকালে লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি৷’

তার কোনো প্রতিপক্ষ ছিলো না দাবি করে মাহবুবুর রহমান আরও বলেন,

‘শরীরের ক্ষত চিহ্নগুলো থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখেছে।

এলাকার কেউ কেউ বলছে আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরের টেংরায় পেঁচিয়ে অথবা আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় মারা গেছে।’

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির বলেন,

‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি