কাটছে না সারাদেশের জ্বালানি সংকট

সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়িচালক ও বাইকারদের।

অনেক স্থানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও কাঙ্ক্ষিত তেল মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে রংপুর বিভাগে, যেখানে জ্বালানি না থাকায় একাধিক ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এদিকে ডিজেলের ঘাটতিও প্রকট আকার ধারণ করেছে।

ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট দ্রুত সমাধান সম্ভব নয়। তবে কিছু স্থানে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি নিতে পেরে স্বস্তি পেয়েছেন গ্রাহকরা।

অপরদিকে, চাঁদপুর শহরে ফয়সাল পেট্রোল পাম্পসহ একাধিক ফিলিং স্টেশন গত রাত থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছে বলে জানা গেছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, তারা আগের নিয়মেই তেল পাচ্ছেন এবং সরবরাহে বড় কোনো পরিবর্তন হয়নি। তবে তাদের ভাষ্য অনুযায়ী, আগে যে পরিমাণ তেল পাওয়া যেত, এখনো একই পরিমাণই পাওয়া যাচ্ছে। কিন্তু যানবাহনের সংখ্যা ও গ্রাহক বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়ে গেছে। ফলে সপ্তাহে চার দিন তেল দেওয়া সম্ভব হচ্ছে, বাকি তিন দিন তেল না থাকায় পাম্প বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও ৮ ঘণ্টা, কোথাও ১২ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানান চালকরা।

এক ভুক্তভোগী চালক জানান, তিনি রাত দেড়টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং দীর্ঘ সময় অপেক্ষার পরও ভোগান্তি শেষ হচ্ছে না। তিনি বলেন, খাওয়া-দাওয়া, ঘুম সবকিছুই এখানে বসেই করতে হচ্ছে।

এদিকে পাম্পের সামনে অতিরিক্ত গাড়ির চাপের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।