কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকায় ডাকাতি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতরা স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা জানান, কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকার জিয়াউর রহমানের বাড়িতে ৫-৭ জনের একদল ডাকাত দেশি অস্ত্র নিয়ে হানা দেয়।

একপর্যায়ে শাবল দিয়ে দরজা ভেঙে ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় জিয়াউর রহমান ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে এক জোড়া স্বর্ণের কানের দুল, গলার একটি চেইন ও দুটি আংটি এবং ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাত সদস্যরা চলে গেলে জিয়াউর রহমান মোবাইলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং মসজিদে মাইকিং করা হয়।

এ ঘটনায় ওই এলাকাসহ আশপাশে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই বাড়ির মালিক জিয়াউর রহমান বলেন, ৫-৭ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তাদের বাধা দিতে গেলে আমাকে চড়থাপ্পড় মারে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় যাতে কোথাও ফোন দিতে না পারি সে জন্য আমাদের মোবাইল ফোন ডাকাতরা নিয়ে নেয়।

পরে আমার স্ত্রীর স্বর্ণের কানের দুল, গলার একটি চেইন ও দুটি আংটি এবং ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

কিন্তু পুলিশ পৌঁছার আগে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।