গত বছরে দেশে মোট সড়ক দুর্ঘটনা হয়েছে ৮২৯টি। এতে সাত হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা ও মৃত্যুর বড় অংশ মোটাইকেলে ঘটেছে।
মোটরসাইকেলে দুই হাজার ৯৭৩ বার দুর্ঘটনা ঘটেছে। মোট মৃত্যুর ৪০.০৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়। অর্থাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন হাজার ৯১ জন মারা গেছেন।
এ ছাড়া সড়কে মোট দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ হাজার ৬১৫ জন। নিহতের মধ্যে নারী এক হাজার ৬১ জন ও এক হাজার ১৪৩ জন শিশু রয়েছে। গত বছর সড়ক দুর্ঘটনায় এক হাজার ২৩৭ জন শিক্ষার্থী মারা গেছেন।
গত বছরের দুর্ঘটনা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিন এক সংবাদ সম্মেলনে সংগঠনটি প্রতিবেদন প্রকাশ করে। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বাইরে এই সময়ে ১৯৭টি নৌ-দুর্ঘটনায় ৩১৯ জন নিহত ও ৭৩ জন আহত এবং ৯২ জন নিখোঁজ রয়েছে। ৩৫৪টি রেলপথ দুর্ঘটনায় ৩২৬ জন নিহত এবং ১১৩ জন আহত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৮ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩২.২৮ শতাংশ আঞ্চলিক সড়কে, ১৭.৩০ শতাংশ গ্রামীণ সড়কে, ১১.৪৮ শতাংশ শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ০.৯০ শতাংশ সংঘটিত হয়েছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৯.৪৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৪২.৩৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে, ২৪.১৩ শতাংশ পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ১১.৪৯ শতাংশ যানবাহনের পেছনে আঘাত করা এবং ২.৫৩ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে।
প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এক হাজার ৮৪১টি দুর্ঘটনায় দুই হাজার ৪৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ৩১৩টি দুর্ঘটনায় ৩৭৫ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে চিহ্নিত করেছে সংগঠনটি।
