গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশেননের (নাসিক) ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষ।

শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে করে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ওই পথে চলাচলকারী যাত্রীদের।
মানববন্ধনে সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ তিন বছর যাবত গ্যাস পাই না। ঠিকমত রান্নাবান্না করতে পারি না, রাত তিনটায় গ্যাস আছে চারটায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দফতরে বহু অভিযোগ করে কোনও ফল পাইনি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যাতে দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি।

মাদানীনগর এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন বলেন, আশে শের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে থাকে না। গভীর রাতে আসলে আসে, না আসলে তো নাই। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন- দেখতাছি, দেখতাছি কিন্তু কিছুই দেখেন না তারা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ অবরোধ করেছিল। পরে আমরা সেখানে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে উঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card