চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় মামলা

চট্টগ্রামের বায়েজিদ চালিতাতলীতে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে নিহত সরওয়ার বাবলার পিতা বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি দায়ের করেছেন।
এ ঘটনায় মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামে ২ জনকে নগরের চান্দগাঁও হাজিরপুল এলাকা থেকে সকাল ৭টায় গ্রেফতার করেছে র‍্যাব-৭। তবে মূল কিলিং মিশনে নেতৃত্ব দেয়া সন্ত্রাসীরা এখনও অধরা।
সকালে এ–সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাবলাকে হত্যার উদ্দেশ্যেই গণসংযোগে গুলি চালানো হয়েছিল বলে জানা গেছে। কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলেও জানায় র‍্যাব।
উল্লেখ্য, বায়েজিদ বোস্তামী চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা।