চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সাপের দংশনে মারা গেছেন।
নিহতরা হলেন—গোমস্তাপুর উপজেলার বগপুর গ্রামের সবুর রহমানের মেয়ে জামিলা (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তকিউল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২)। তারা রাধানগর ইউনিয়নের শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত বুধবার গভীর রাতে (প্রায় ১টার দিকে) হঠাৎ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি ওয়াদুদ আলম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, সাপের দংশনে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব
