জয়পুরহাটে পুলিশকে কাঁচি দিয়ে জখম, গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তরা হলেন উপজেলার পাটাবুকা গ্রামের বাসিন্দা রাফি ও বেলাল।

রোববার (১১ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে একজনকে নিজ বাড়ি থেকে এবং অপরজনকে ঢাকায় পালানোর সময় জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকা থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, কয়েক বছর আগে পাটাবুকায় এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারী বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। শনিবার তার সাবেক স্বামী তাকে বাড়িতে ডেকে এনে আটকে রাখেন। পরে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন। পরদিন রোববার বিকেলে বিষয়টির সমাধানে আবারও ঘটনাস্থলে যান তিনি। কিন্তু ফেরার সময় এক ব্যক্তি তাকে পিছন থেকে কাঁচি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় এসআই আলমগীর কবীরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. কাজী ইসমাইল হোসেন জানান, আহত কর্মকর্তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনার পর এসআই আলমগীর নিজেই বাদী হয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে।