ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণহানি হয়েছে। নিহত দুজন সম্পর্কে শ্বশুর-জামাই হয়, তারা এক নিকটাত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যর পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বোরহানউদ্দিন থানার ওসি-তদন্ত মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন—মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। সম্পর্কে মনির শরীফ আজগর আলীর শ্বশুর হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
“মোটরসাইকেলটি জামাই আজগর আলী চালিয়েছিলেন। তারা দুজন তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির নাম বুশরা পরিবহন। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল।
ওসি তদন্ত তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানিয়েছেন,
“একটি মোটরসাইকেল যোগে মনির শরীফ ও আজগর আলী তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন।
মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।”
ওসি তদন্ত আরও জানান,
“মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যার ফলে বাই রোড থেকে মেইন সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তবে এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও গাড়িটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।”
