ভোলার তজুমদ্দিন উপজেলায় গরুচুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বালিয়াকান্দি গ্রামের মো. নয়ন (৩০) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার আমির হোসেন (২৮)। তারা পেশাদার গরুচোর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে ভূঁইয়াবাড়িতে একদল চোর গরু চুরি করতে ঢোকে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে তখন দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
