জুরাইন থেকে ককটেল-পেট্রোল বোমাসহ আটক ৩

জুরাইন রেললাইনের পাশের বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল-পেট্রলবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওই পথেই বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর টিকাটুলির র‌্যাব-৩ এর সদরদপ্তরে এক বিফ্রিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি টেপসহ ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দাসপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আবুল কাশেম (৩৫),

একই জেলার নিকলী থানার শহরমোড় এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফজলে রাব্বী (২৭)

এবং নিকলী থানার কারপাশা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০)।

র‌্যাব জানায়, ট্রেনটিতে অগ্নিকাণ্ডের প্রায় ৩ ঘণ্টা পরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বস্তিতে অভিযান চালানো হয়।

বাহিনীটি বলছে, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। তবে ট্রেনের এ অগ্নিকাণ্ডের সঙ্গে ওই বস্তি থেকে বিস্ফোরক উদ্ধার,

কিংবা আটকদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখা হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নাশকতার চেষ্টা করছে।

এর পরিপ্রেক্ষিতে আমরা অনেককেই আইনের আওতায় নিয়ে এসেছি।

যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে আসা একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

যারা যাত্রী ছিলেন তাদের বক্তব্য অনুযায়ী, এটা নাশকতা ছিল।

ঘটনার সঙ্গে সঙ্গে র‌্যাব-৩ ঘটনাস্থলে পৌঁছেছে। গোয়েন্দা দল প্রাথমিকভাবে গোয়েন্দা তথ্য পায়, রেললাইনের পাশের এই বস্তিতে সন্দেহজনক মানুষের চলাচল রয়েছে। 

এর ভিত্তিতে বস্তিতে প্রাথমিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা এখানে বসে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রলবোমা তৈরি করছিলেন।

তিনি বলেন, রেললাইনের পাশের এ জায়গাটা অনেক সেন্সিটিভ। আমরা যে পরিমাণ পেট্রলবোমা উদ্ধার করেছি,

সেগুলো দিয়ে এখানে বসে যে কোনো ট্রেন বা যে কোনো জায়গায় ব্যাপক নাশকতা করা সম্ভব ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে।

আমরা যে তিনজনকে আটক করেছি তাদের কাছ থেকে আয়নাল নামে এক ব্যক্তির নাম পেয়েছি।

তিনি তাদের দিয়ে ককটেল ও পেট্রলবোমা বানাচ্ছিলেন, এর আগেও তিনি তাদের দিয়ে আরও বানিয়েছিলেন।

তারা আয়নালের প্রাথমিক পরিচয় দিতে পারেনি। তবে টাকার বিনিময়ে তারা ককটেল ও পেট্রোল বোমা তৈরি করছিলেন বলে জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

যে ট্রেনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে, কোথা থেকে কীভাবে আগুন দেওয়া হয়েছে তা জানতে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

যারা যাত্রী ছিলেন তারা সন্দেহজনক কয়েকজনকে দেখেছেন বলেও জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও আয়নালসহ এ ঘটনায় যেসব নাশকতাকারীর সম্পৃক্ততা রয়েছে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এনএএন টিভি

Share this news as a Photo Card