ডিমের দামে স্বস্তি, ইলিশে অস্বস্তি

ডিমের দামে কিছুটা স্বস্তি মিললেও ইলিশসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশ চড়া রয়েছে। সিমের কেজি প্রায় আড়াইশত টাকা। তাছাড়া অন্যান্য মাছের বাজারও বেশ গরম।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ডিমের ডজনে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

বর্তমানে ১৪৮ থেকে ১৫০ টাকা ডজনে ডিম পাওয়া যাচ্ছে।

আর ইলিশের মৌসুম শুরু হলেও দাম বেশ চড়া। এক কেজির ওজনের ইলিশ ১২৫০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে রুই, তেলাপিয়াসহ অন্যান্য মাছের দামও বাড়তি।

সবজির বাজারে গিয়ে দেখা যায়, বেগুন, ঢ্যাঁড়স, পটোলসহ বেশকিছু সবজির দাম অল্প কিছু বেড়েছে।

কিছুটা কমেছে পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ ও শসার দাম। বাকি সবজির দাম এ সপ্তাহে প্রায় অপরিবর্তিত রয়েছে।

আর সিম বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি। কেজিপ্রতি বেগুন ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৭৫ থেকে ৮০ টাকা,

শসা ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ইলিশের দাম বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহজুড়ে টানা বৃষ্টিতে আড়তগুলোতে ইলিশসহ অন্যান্য মাছ সরবরাহ কম ছিল। এ কারণে খুচরায় দাম বেড়েছে।

সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। ছোট আকারের ইলিশ মাছ কিনতেও গুনতে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা।

এ সময়ে ইলিশের দাম আরও কম থাকার কথা বলে মনে করছেন ক্রেতারা। আকারভেদে কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দরে রুই মাছ বিক্রি হচ্ছে।

পাঙ্গাসের কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারভেদে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। খাসির মাংস কেজি ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা,

ব্রয়লার ১৭০-১৭৫ এবং দেশি প্রজাতির মুরগি ৪৮০ টাকার আশপাশে বিক্রি হয়েছে। পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮০ টাকা (দেশি),

কাঁচা মরিচের কেজি ১৬০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটোর দাম কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আলাপকালে ক্রেতারা বলেন, আসলে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে হলে ক্রেতাদের একটু যাচাই বাছাই করে নেয়া উচিত।

বিক্রেতারা যে দাম চান সেই দাম দিলে তাদের মধ্যেও একটা লোভ তৈরি হয়। তাছাড়া ফেরি করে বিশেষ করে ভ্যান গাড়িতে কিন্তু সবজির দাম কিছুটা কম পাওয়া যায়।

এনএএন টিভি