ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৪৪৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৩০ জন নারী।

Share this news as a Photo Card