ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আকাশ মেঘলা ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজধানীর আকাশ বেশ খানিকটা সময় মেঘলা থাকতে পারে। রোদের সম্ভাবনাও আছে কিছু সময়। তবে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের দিনেও রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ের পর দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এবারও তাই হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায় রাজধানীতে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়।