ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর ধামরাই উপজেলায় নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে নানির সঙ্গে বসবাস করতো।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে পড়াশোনা করছিল নাহিদা। এ সময় তার নানি কাজে বাইরে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিলে চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।