ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ফতুল্লায় গেঞ্জি কাপড়ের ছাপাখানা ও একটি জুটের গুদাউনে পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের ঝুটের গুদাম থেকে আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে যায়। তখন আশপাশের বাড়িঘরের লোকজন চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তখন আগুন গুদামের পাশে এমরান মিয়ার গেঞ্জি ছাপাখানায় ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন । আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।
