নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর অপরাধীর ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোদনাইল লাকি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম ইয়াছিন (১৭)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় লাকি বাজার সংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, শনিবার রাত সাড়ে ১১টায় একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ইয়াছিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।

এনএএন টিভি