নারায়ণগঞ্জে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিজয় র‍্যালি

বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজয় র‍্যালি করেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যাগে এ বিজয় র‍্যালি করা হয়।

এসময় প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তি বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে। তারা বিজয় র‍্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়ে শেষ করে। এতে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয়।

 

এদিকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের র‍্যালি দেখতে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করে। এসময় দর্শনার্থীদের অনেকেই মোবাইলে তাদের ছবি তুলে, অনেকেই আবার তাদের ভিডিও ধারণ করে।

এ বিষয়ে সন্ধ্যা নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি জানান, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এ বিজয় র‍্যালির আয়োজন করেছি।

রুবিনা নামের তৃতীয় লিঙ্গের আরেক ব্যক্তি জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

Share this news as a Photo Card