নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) রাত ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে থাকা শিশুটির নানি রাবেয়া খাতুন জানান, শিশুটিকে শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের দোকানে ইফতারের জন্য পাঠান শিশুটির মা। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তার মা। শিশুটি হাটতে পারছিল না। দুলতে দুলতে আসছিল। রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে। পরে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তিনি আরও জানান, শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় সেটিতে অনেক সেলাই করতে হয়। রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও সে কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসা চলছে। শিশুটি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবার ও চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে আছি।
