খুলনার পাইকগাছার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার ১শত ১০ বিঘার সরকারী খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও জালিয়াতী চক্রের হোতা অবৈধ দখলবাজকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে এলাকার শত শত মানুষ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাইকগাছা আদালতের সামনে মেইন সড়কে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। মানববন্ধন পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী, আকিজ উদ্দিন, হারুন-অর রশীদ হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ ও আবু বাক্কার সানা। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী নির্মল মন্ডলরা জাল কাগজপত্র তৈরি করে কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজায় অবস্থিত ১শত ১০ বিঘার সরকারী খাসখাল জবর দখলের চেষ্টা করছে। যা নিয়ে এলাকাবাসীর সাথে চরম বিরোধ দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে মামলা। সমাবেশ থেকে পানি নিষ্কাশনের পথ বন্ধ না করে গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
