প্রবাসীদের মালামাল ছিনতাই; ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রবাসীদের মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান।

চক্রের মূল হোতাসহ গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডাকাত সর্দার সুমন মিয়া (২৫), মোস্তফা (৩২), মো. আলামিন (২৫) ও শারমিন আক্তার (৩৩)।

গ্রেফতার প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা জানান,

দুটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর রামপুরা বউবাজার, বরিশালের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া স্বর্ণালংকার ও মালেশিয়ান মুদ্রা উদ্ধার করা হয়।

গত ৫ মার্চ রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে সৌদি ফেরত সমির নামে এক প্রবাসী ডাকাতের কবলে পড়েন।

এছাড়াও গত বছরের ২ নভেম্বর একই কায়দায় মালয়েশিয়া ফেরত প্রবাসীর গাড়ি থামিয়ে মালামাল ছিনিয়ে নেয় গোয়েন্দা পরিচয় দেওয়া ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনায় কালীগঞ্জ থানায় দুটি মামলা হয়।

সেই মামলার তদন্তে নেমে তাদের সংশ্লিষ্টতা পায় পুলিশ। গতকাল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন :