ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা আরও উন্নত রাখতে সকলে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে কোনোভাবেই পরিস্থিতির অবনতি না ঘটে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখা, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা।
