ফরিদপুরে মাছবোঝাই পিকআপ খাদে, এলাকাবাসীর উৎসব

ফরিদপুরের নগরকান্দায় পাবদা মাছবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গভীর খাদে পড়ে গেলে আশপাশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে মাছ ধরতে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের যদুরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল মাছবোঝাই গাড়িটি। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে যদুরদিয়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ঝুড়িগুলো পানিতে তলিয়ে যায় এবং মাছ ছড়িয়ে পড়ে আশপাশে।

পরে ভোর সাড়ে পাঁচটার দিকে রেকার দিয়ে গাড়িটি টেনে তোলা হয়। তখন পর্যন্ত চালক ও সহকারী যতটা সম্ভব মাছ সংগ্রহ করে গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই আশপাশের গ্রাম থেকে দলে দলে মানুষ এসে খাদে নামে মাছ ধরতে। সকাল ছয়টা থেকে যে মাছ ধরা শুরু হয়, তা চলে সকাল ৯টা পর্যন্ত। কেউ গামছা, কেউ খালি হাত, আবার কেউ জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। মহাসড়ক লাগোয়া স্থানটি যেন রীতিমতো উৎসবে পরিণত হয়। সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফাতেমা বেগম (২৮) এক বালতি মাছ হাতে খাদ থেকে উঠছেন। তিনি বলেন, ‘প্রায় ১০ কেজির মতো মাছ ধরতে পেরেছি। আমার থেকেও অনেকে বেশি পেয়েছে।’

তবে পিকআপটি কোথা থেকে এসেছিল বা মাছের মালিক কে—সে বিষয়ে কিছু জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, পিকআপ খাদে পড়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এনএএন টিভি