ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৮ মে ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টা ৫০ মিনিটে ফরিদপুর শহরের সিভিল সার্জন রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোলপুকুর এলাকার ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনজীর আহমেদ তাবরিজ। এছাড়াও বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা গোলাম রাব্বানী আকাশ ও এনামুল করিমসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী।
বক্তারা বলেন, “সম্প্রতি ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপির পোস্টার ও ফেস্টুন উচ্ছেদের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। পরে সংশ্লিষ্ট ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কাউকে আর ক্ষমা করা হবে না।”
তারা আরও বলেন, চৌধুরী নায়াবা ইউসুফের নেতৃত্বে ফরিদপুরে বিএনপি সুসংগঠিত থাকবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বক্তারা সরকারকে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করার আহ্বান জানান।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থান থেকে এসে সমাবেশস্থলে একত্রিত হন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
