বগুড়ায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে খুন করলো বন্ধু; গ্রেফতার ১

বগুড়ার ধুনটে পাওনা টাকা নিয়ে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হওয়ার ঘটনায় জাহাঙ্গীর হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

মুদি দোকানি জাকিরুলকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

এদিকে গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান,

‘নিহত জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়ীতে বিয়ে করে সেখানেই মুদি দোকান দেন।’

‘২০২২ সালের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার বন্ধু জাকিরুলের কাছ থেকে আগের পাওনা ৫০০ টাকা চায়।’

‘তখন জাকিরুল তাকে আগে দোকানের বাঁকি টাকা পরিশোধ করতে বলেন।’

‘জাহাঙ্গীর টাকা না দিয়ে রাত ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে কিলঘুষি মারতে থাকে এবং লাঠি দিয়ে তাকে আহত করে।’

‘পরে জাকিরুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন তিনি। এ ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় জাহাঙ্গীর।’

তিনি আরও জানান,

‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে।’

‘শনিবার (৮ জুলাই) র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।’

‘গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।’

এনএএন টিভি