বরিশালে মাছ ধরার জালে নদী থেকে উঠে এলো জীবন্ত কুমির!

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে আইড় পাঙ্গাস ধরতে ফেলে রাখা জালে উঠে এসেছে কুমির! প্রথমে জাল উঠিয়ে কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়লেও পরবর্তীতে কৌশল অবলম্বন করে কুমিরটি নদীর তীরে নিয়ে আসেন জেলেরা।

বর্তমানে কুমিরটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও জেলেদের হেফাজতে রয়েছে। এদিকে, খবর পেয়ে ঢাকা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি দল বরিশালে রওনা দিয়েছেন।  সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে জেলে জাবুল হোসেন জানান,

‘সকালে আইড় পাঙ্গাসের জাল ফেলে কিছু সময় পর ফের জাল তুলে গিয়ে ওজন অনুভব হওয়ায় মনে করেছিলাম বড় মাছ উঠেছে।’

‘কিন্তু কিছুক্ষণ পর দেখি একটি কুমির আমার জালে পেচিয়ে রয়েছে।’

‘এরপর আমরা আতংকিত হয়ে পরলেও কৌশল অবলম্বন করে ধীরে ধীরে কুমিরসহ জাল তীরে নিয়ে আসি। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রুবেলকে জানাই।’

মুলাদীর নাজিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল বলেন,

‘কুমির উদ্ধারের খবটি প্রথমে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানাই। তারা কুমিরটি আমিসহ জেলেদের কাছে রাখতে বলেন।’

‘বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকজন আসলে কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হবে।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন,

‘ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছি। ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন,

‘কুমির উদ্ধারের বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরকে জানিয়েছি। তাদের একটি দল ঢাকা থেকে রওনা দিয়েছেন। বরিশাল পৌঁছে কুমিরটি সংরক্ষণের ব্যবস্থা করবেন অধিদপ্তরটি।

এনএএন টিভি