বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এ সৌজন্য বৈঠক চলে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মেহেরপুর জেলার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখা বরাবর ভারতীয় অংশে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

অপরপদিকে বিএসএফের পক্ষে ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন।

বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারির বিষয়সমূহে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তকে অধিক সুসংহত ও কার্যকরী করার লক্ষে বিজিবি-বিএসএফ যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন।

এছাড়াও সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন।

সৌজন্য বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার মেইন পিলার ১২৪ নং সহ তৎসংলগ্ন সীমান্ত পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card