বিয়ে বাড়ি থেকে ভিডিওগ্রাফারকে পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৩

কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনঘর এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. মিনহাজুল ইসলাম ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনই মারা যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গতকাল আনুমানিক রাত দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card