মহাসড়কে মধ্যরাতে গাছ ফেলে ২০টি যানবাহনে ডাকাতি

পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যানবাহনের চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে সাঁথিয়া-বেড়া সড়কের সরিষা পাটগাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রাইভোটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাত দেড়টার দিকে সরিষা পাটগাড়ী নামক স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে যানবাহন আটকায় ডাকাতদল। পরে অস্ত্রের মুখে অন্তত ২০টি যানবাহনের চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাঁথিয়ায় থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

এনএএন টিভি

Share this news as a Photo Card