মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

আজ শনিবার (২০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন,

‘ওই ৪ ট্রেনের টিকিট ফেরত দিয়ে তার টাকা নিয়ে নেওয়ার তথ্য যাত্রীদের ইতোমধ্যে জানানো হয়েছে।’

শমশের নগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব জানান,

‘লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ফলে ট্রেন ২টি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে ২ বার করে মোট ৪ বারের যাত্রা বাতিল হলো।’

তবে ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেলে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলেও জানান উত্তম দেব।

এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রেনটির কয়েকটি বগি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আনা হয়েছে এবং লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগী উদ্ধারের কাজ চলছে বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান।

এর আগে, শনিবার ভোরের দিকে লাউয়াছড়া অভয়ারণ্যর মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

রাতে প্রচণ্ড ঝড়ে রেললাইনে পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগী লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন :

এনএএন টিভি