বাসের ভাড়া কম হলেও বেশির ভাগ সময়ই বিআরটিসি বাসগুলোতে যাত্রী সংকট দেখা যায়। নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছানোই এর অন্যতম কারণ হিসেবে অনেকে অভিযোগ করেছেন। তারা বলেন, বিআরটিসি বাসে ভাড়া কম হলেও গন্তব্যে যেতে অনেক সময় নেয়। এক-একটা স্টপেজে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে। এজন্য বিআরটিসি বাসে উঠতে ইচ্ছা করে না।
এছাড়া বেশির ভাগ গাড়ি পুরোনো। ঠিকমতো মেরামত করে না। গাড়ির সিট ভাঙা থাকে। মাথার ওপরের ফ্যান কাজ করে না। আবার পথে বিকল হওয়াসহ নানা ঝামেলা তো আছেই।
নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বিআরটিসি কাজ শুরু করলেও, এখনো তা পুরোপুরি আশার মুখ দেখেনি। বিআরটিসি বহরে প্রায় ১ হাজার ৮০০ বাস আছে। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে ১ হাজারের মতো। আর বাকি ৮০০ বাস পড়ে রয়েছে বিভিন্ন ডিপোতে, যার অধিকাংশই অকেজো।
বিআরটিসি বলছে, সচিবালয়সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের অফিসে যাতায়াতের সুবিধার্থে ১৬৪টি রুটে তাদের ২০২টি স্টাফ বাস হিসেবে পরিচালিত হচ্ছে। এছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৮১টি বাস নিয়মিত চলাচল করছে।
জানা যায়, শিগিগরই নতুন আরো ১০০টি ডাবল ডেকার আনতে যাচ্ছে বিআরটিসি। ৩৮৩ কোটি টাকা ব্যয় হবে এজন্য। এগুলো ইলেকট্রিক বাস এবং এতে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা থাকবে। সাতটি বৈদ্যুতিক চার্জিং স্টেশন স্থাপন করা হবে বাসগুলোর জন্য। এ দিয়ে কার্বন নিঃসারণ কমানোর নতুন যুগে প্রবেশ করবে বিআরটিসি।
