রাজশাহীতে এক বছরে সাড়ে ৩ হাজার যক্ষ্মা রোগী!

রাজশাহী জেলায় এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ১ হাজার ৪৩৬ জন রোগী রয়েছেন। আর জেলায় রয়েছেন ২ হাজার ২০৫ জন রোগী।

রোববার দুপুরে রাজশাহী মহানগরীর রাণীবাজারের একটি রেস্তোরায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা রোধ সমিতি (নাটাব) মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় রাজশাহীর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবু রব সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, যক্ষ্মা করোনার থেকেও ভয়াবহ। কারণ এটি ধীরে ধীরে মানুষের ক্ষতি করে। এছাড়া একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।

নাটাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্রাকের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card