শরীয়তপুরে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় ভাড়া বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জুন) সকালে ন্যাশনাল ব্যাংক জাজিরা উপজেলার ডুবিসায়বর কাজিরহাট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) মিঠু মৃধাকে শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ কাজীরহাটের তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিঠু মৃধা বরিশালের গৌরনদী উপজেলার উত্তর শরিকুল এলাকার আব্দুল মান্নান মৃধার একমাত্র ছেলে।

তিনি তার স্ত্রী মুক্তা খানম ও একমাত্র সন্তান মুনতাহাকে নিয়ে কাজীরহাটের বাবুল মৃধার বাড়িতে ভাড়া থাকতেন।

ন্যাশনাল ব্যাংক ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,

‘মিঠু মৃধা ১০ দিনের ছুটি শেষে গতকাল ব্যাংকে ডিউটি করেছেন।’

‘এরপর কাজীরহাটের ভাড়া বাসায় মিঠু মৃধা গতকাল রাতে একাই ছিলেন। তার স্ত্রী ও মেয়ে শ্বশুরবাড়ি মাদারীপুরের কালকিনিতে ছিলেন।’

‘২-৩ দিনের মধ্যে তাদের শরীয়তপুরে আসার কথা ছিল। কিন্তু আজ মিঠু মৃধা শরীরে রহস্যজনক আঘাত নিয়ে মারা গেলেন।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান ঢাকা মেইলকে বলেন,

‘মিঠু মৃধাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার মাথা ও হাতে আঘাতের চিহ্ন ছিল। আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।’

জাজিরা থানা পুলিশের এসআই জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন,

‘সুরতহালের সময় তার (মিঠু মৃধা) মাথা ও হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।’

‘জখমে যেহেতু কোনো রক্ত ছিল না সেহেতু ধারণা করছি তিনি স্ট্রোক করেছেন।’

‘আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট এলে বলতে পারব কী ঘটেছিল তার সঙ্গে।’

‘যদি তার পরিবার এ ঘটনায় মামলা দায়ের করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনএএন টিভি