হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরাতে দাউদ খান (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মেছের আলী মুন্সি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে সংঘটিত মেছের আলী মুন্সি কান্দি এলাকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন দাউদ খান।

শুক্রবার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি।

বাড়ির দরজার সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে।

পরে শনিবার (১৩ জানুয়ারি) সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর (৪৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

পদ্মা দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দাউদ খানের মরদেহ উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে দাউদ খানকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি