শিশু ছাত্র উদ্ধার, অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

কক্সবাজার টেকনাফে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে অপহৃত শিশু ছাত্র মো. সাইফকে (৯) উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজার টেকনাফের র‌্যাব -১৫ সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে টেকনাফের নয়াপাড়া শালবাগান এলাকার হতে মৃত মোহাম্মদ হোছনের ছেলে মো. সাইফ অপহরণের শিকার হন। সংবাদ পেয়ে অভিযোগের প্রেক্ষিতে তাকে উদ্ধারে শালবাগানের রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালা কালে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়া এলাকায় হতে তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, জাদিমুর এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ সব্বির (১৭), আবুল ফয়েজ প্রকাশ মাঝি ( রোহিঙ্গা) ব্লক -এ/৫ এর ছেলে হাসান বশর (১৯), সৈয়দ হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (১৬), নাজির পাড়ার মৃত ঠান্ডা মিয়ার ছেলে সেলিম (৪৭), আবুল কালামের ছেলে আক্তার কামাল (১৬)।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ফোন, ১টি ঘড়ি এবং নগদ ৩০০ টাকা, একটি ওয়ান শুটার গান বন্দুক, ৬ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ২টি রামদা এবং ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।

অপর দিকে টেকনাফ মডেল থানার বাহার ছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে পল্লি চিকিৎসক জহির উদ্দিনসহ ১০ জন কৃষক অপহরণের মুল হোতা মো. সিরাজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি বাহার ছড়া উত্তর শিলখালীর মৃত ফরিদ আলমের ছেলে। মঙ্গলবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক সিরাজের কাছ থেকে একটি ওয়ান শুটার গান বন্দুক, ৬ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ২টি রামদা ও ১টি কুড়াল জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গনি জানান, অপহরণ চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান চলমান থাকবে।