শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো সারুয়ার হোসেন (৯) ও আছিয়া খাতুন (৬)। সারুয়ার কাওয়াকুড়ি গ্রামের আবু হানিফার ছেলে। আর আছিয়া একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে সারুয়ার ও আছিয়া একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পাশের রফিকুল ইসলামের পুকুরের পানিতে ডুবে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও দুজনের হদিস পাচ্ছিলেন না। একপর্যায়ে পুকুরপাড়ে সারুয়ার হোসেনের গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর আল মামুন বলেন, দুটি শিশুর পরিবারই দরিদ্র। শিশু দুটির একসঙ্গে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Comments are closed.