সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে সয়াবিন কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে চাচা সেকান্তর আলীর (৭৫) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করা হয়।

রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামগতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের ঘটনাটি ঘটেছে। একই দিন বৃদ্ধের তিন ভাজিতার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে রামগতি থানা পুলিশ জানায়,

বৃদ্ধ সেকান্তর আলী রিকশাযোগে এসে বাড়ির সামনে নামেন। এ সময় তার ভাই আবদুস সহিদের তিন ছেলে হারুন, খোকন ও রিপন তার গতিরোধ করে।

বৃদ্ধ চাচা তাদের ক্ষেত থেকে সয়াবিন কেটে নিয়েছে এমন অভিযোগ তুলে তার সাথে তর্কাতর্কি শুরু করে দেন।

এক পর্যায়ে ভাতিজা খোকন চাচা সেকান্তর আলীকে জামার কলার চেপে ধরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে জানায়।

ওসি আরও জানান, মৃত সেকান্তর আলীর ঠোঁটে এবং পায়ে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাতেই ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি