সাজেকে অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে ডায়রিয়ায় বাবা-মায়ের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক লংথিয়ান পাড়ায় এবার মেয়ে ও মেয়ের জামাইকে দেখতে এসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। শনিবার ( ১৭ জুন) মধ্যরাতে মারা যান তারা।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এই স্বামী-স্ত্রী হলেন সাজেক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্গম নতুন বেটলিং গ্রামের বাসিন্দা বাহন ত্রিপুরা (৫৫) ও মেলাতি ত্রিপুরা (৫০)।

তাদের পরিবারের সদস্যরা জানান,

‘বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরা নতুন বেটলিং পাড়ার বাসিন্দা। তাদের মেয়ের শ্বশুর বাড়ি লংথিয়ান পাড়ায়।’

‘সেখানে মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হলে তারা দুজন মিলে তাদের দেখতে যান এবং সেখানে অবস্থানকালে তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন।’

‘লংথিয়ান পাড়ায় মেয়ের বাড়িতে শনিবার মধ্যরাতে মারা যান তারা। এর আগে, একই গ্রামে আরও দুইজন মারা যান।’

এ বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন,

‘আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এবং পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রয়োজন হলে আবার আমাদের মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবো।’

‘এর মধ্যে আমাদের টিম গত বুধবার ৩৯ রোগীকে চিকিৎসা দিয়ে ফিরে এসেছে। প্রয়োজনে আবারও যাবে।’

‘কিন্তু নিরাপদ পানি ও সেনিটেশন ব্যবস্থা ঠিক না হলে এর স্থায়ী সমাধান হবে না।’

তবে সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার বন বিহারী চাকমা জানান,

‘সেখানে আরও দুইজন ডায়রিয়ায় অসুস্থ আছে বলে আমি খবর পেয়েছি। তাদের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ওষুধ পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, গত ৭ জুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পাড়ায় দুইজনের মৃত্যু হয়। আক্রান্ত হয় আরও ৯জন।

 

আরও পড়ুন:

এনএএন টিভি