স্ত্রীকে আটকে রেখে টাকা আদায়, লজ্জায় স্বামীর আত্মহত্যা!

বগুড়ার গাবতলীতে স্ত্রীকে মধ্যরাত পর্যন্ত বাঁশঝাড়ে আটকে রেখে দাদনের টাকা আদায় করায় লজ্জায় আবদুল মালেক নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ দাদন ব্যবসায়ী গোলজার হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে,

‘বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পার রানীর পাড়া গ্রামের দিনমজুর আব্দুল মালেকের স্ত্রী রিমা বেগম গত চার মাস আগে একই গ্রামের গোলজার হোসেনের কাছে থেকে ৩৬ হাজার টাকা ধার নেন।’

‘এ সময় তিনি দেড় ভরি স্বর্ণের গহনা, ব্যাংক চেকের দুইটি পাতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা রাখেন।’

‘অভাবের তাড়নায় ধার নেওয়া টাকা চার মাসের ব্যবধানে সুদ-আসলে দ্বিগুণেরও বেশি দাবি করে পরিশোধ করার জন্য চাপ দিচ্ছিলেন গোলজার।’

‘এরপর গত ৬ জুলাই সন্ধ্যায় গৃহবধূ রিমা বেগম টাকার জন্য বাবার বাড়ি পাশের গ্রাম উনচুরখী যাচ্ছিলেন।’

‘পথিমধ্যে দাদন ব্যবসায়ী গোলজার হোসেন তাকে ধরে নিয়ে গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে হাত বেঁধে রেখে তার স্বামীকে খবর দেন, টাকা দিয়ে স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে যেতে।’

‘অন্যথায় অনৈতিক কাজ করিয়ে টাকা আদায় করার হুমকি দেন দাদন ব্যবসায়ী গোলজার।’

‘বাধ্য হয়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৭৫ হাজার টাকা দিয়ে ওই গৃহবধূকে ছাড়িয়ে নিয়ে যান তার বাবাসহ স্বজনেরা।’

‘তবে টাকা পেয়েও শুক্রবার বাড়ি এসে গৃহবধূর স্বামী মালেককে গালিগালাজ ও হুমকি ধামকি দেয় দাদন ব্যবসায়ী।’

‘এতে ক্ষোভে লজ্জায় শনিবার রাতে ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আব্দুল মালেক।’

‘খবর পেয়ে রোববার সকালে মালেকের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে গাবতলী থানা পুলিশ।’

গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন,

‘এ ঘটনায় প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এনএএন টিভি