৫৫ মণ ওজনের টাইগারকে কিনলেই পালসার মোটরসাইকেল ফ্রি!

কোরবানির ঈদ সামনে প্রতিবছরই বাজারে দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারেও আছে তেমনই আকর্ষণীয় সব গরু;  সাদা কালো রঙের শান্ত প্রকৃতির গরুটি নড়াইলের টাইগার। প্রায় ৫৫ মণ ওজনের এই গরুটি যিনি কিনবেন তিনি উপহার হিসেবে পাবেন একটি পালসার মোটরসাইকেল।

নড়াইলের টাইগার আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক সেলিম মোল্লা (২৪)।

সেলিম জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া গ্রামের রবিউল মোল্লার ছেলে।

এ বিষয়ে গরুর মালিক সেলিম মোল্লা বলেন,

‘নড়াইলের টাইগার গরুটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। তার বয়স ৪ বছর।

দৈর্ঘ্য প্রায় সাড়ে ১২ ফুট, উচ্চতা ৬ ফুট, ওজন প্রায় ৫৫ মণ। আসন্ন কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।’

ক্ষতিকর ও মোটাতাজাকরণের কোনো প্রকার ওষুধ প্রয়োগ ছাড়াই দেশীয় প্রাকৃতিক খাবার বিচালি, ঘাস, খৈল, ভুষি, খুদের ভাত, কুড়া ইত্যাদি খাবার খাইয়ে বড় করা হয়েছে গরুটিকে।

অতি আদর যত্নে লালন পালন করেছি। তার প্রতি অনেক মায়াও তৈরি হয়েছে। প্রতিদিন প্রায় ১ হাজার টাকা খাবারের পেছনে খরচ হয়।

বাড়িতে রেখেই তাকে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে বিক্রি করতে হবে এ কথা ভেবেই চোখে জল চলে আসছে।

গরুটির মালিকের দাবি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু। মাঝে মধ্যে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে।

মালিক গরুটির দাম হাঁকিয়েছেন ২০ লাখ টাকা। কাঙ্খিত দাম পেলেই বিক্রি করতে চান।

গরুটি যিনি কিনবেন উপহার হিসেবে তাকে একটি পালসার মোটরসাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক সেলিম মোল্লা।

নড়াইলের টাইগারের মালিক সেলিম মোল্লার মা সেলিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন,

‘গরুটি ৪ বছর আমরা লালল পালন করছি। কোরবানির সময় প্রায় চলে আসছে। সঠিক দাম পেলে আমরা গরুটি বিক্রি করব।’

এ বিষয়ে লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. লেলিন প্রধান বলেন,

‘লোহাগড়া প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের বিভিন্ন ধারনের পারমর্শ ও সহোযোগিতা করা হচ্ছে।’

‘কোরবানির পশুর চাহিদার চেয়ে উপজেলায় বেশি পশু রয়েছে। আশা করছি এবার ঈদুল আযাহায় খামারিরা গরুর ভালো দাম পাবেন।’

উল্লেখ্য, নড়াইল প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে,

জেলায় এবার কোরবানি যোগ্য গবাদি পশু মজুদ আছে ৫৪ হাজার ৪৯০টি।

কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ৩২ হাজার ১৪৫টি। অর্থাৎ ২২ হাজার ৭৭৫টি গবাদি পশু উদ্বৃত রয়েছে।

এনএএন টিভি