নরসিংদীর বাবুরহাট বাজারে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার শেখেরচর (বাবুরহাটে) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান ঘর পুড়ে গেছে।

শনিবার (১৬ মার্চ) রাতে  নরসিংদীর বাবুরহাট বাজারের দক্ষিণ দিকে গিয়াস উদ্দিন মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ অথবা ক্ষয়ক্ষতির কারণ জানাতে পারেনি তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দক্ষিণ দিকে গিয়াস উদ্দিন মার্কেটে রাত ১টার দিকে অগ্নিকান্ডের সূচনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। দক্ষিণ দিকে দোকানের সংখ্যা কম থাকার খুব বেশি ক্ষতির সম্মুখীন হননি ব্যবসায়ীরা। তবে এরই মধ্যে বেশ কিছু দোকান পুড়ে যায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাইম ইবনে হাসান জানান, খবর পেয়ে নরসিংদী, মাধবদী এবং ঘোড়াশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সূচনা এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

অগ্নিকান্ডের খবর পেয়ে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ বণিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card