ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোহেল খান শুভ (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. শাহিন  বলেন, কারাগারে সোহেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেলের হাজতি নং-৫৭১০১/২২।

তিনি বলেন, কী মামলায় সোহেল কারাগারে ছিলেন সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত শহিদুল্লাহ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Share this news as a Photo Card